বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আন্তর্জাতিক ক্রেতা ও দেশীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক। শুধু ক্রয়াদেশ নয়, পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে বাড়ছে বিনিয়োগ, ব্যবসার পরিধি এবং দক্ষ জনবল। এর ফলে বৈশ্বিক পোশাকবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হচ্ছে।
বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান তৈরি পোশাক উৎপাদনকেন্দ্র। দেশের অর্থনীতিতে এ শিল্পের অবদানও উল্লেখযোগ্য। লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি হাজার হাজার স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের বিকাশে ভূমিকা রাখছে খাতটি। তবে এ শিল্পের প্রবৃদ্ধি শুধু উৎপাদন সক্ষমতা কিংবা ব্যয়ের ওপর নির্ভর করে না, এর জন্য প্রয়োজন সুদৃঢ় ব্যবসায়িক সম্পর্ক।
বাংলাদেশের তৈরি পোশাক খাতে বর্তমানে অষ্টম বৃহত্তম সোর্সিং অংশীদার হিসেবে কাজ করছে আন্তর্জাতিক ফ্যাশন প্রতিষ্ঠান এলপিপি। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত দেশীয় সরবরাহকারীদের অভিজ্ঞতায় উঠে এসেছে, দীর্ঘমেয়াদি সহযোগিতা কীভাবে ব্যবসায়িক প্রবৃদ্ধি, বিনিয়োগ ও দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখছে।
এ ধরনের সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পরিবর্তনশীল বাজার পরিস্থিতি ও দৈনন্দিন নানা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত আলোচনা সমস্যা সমাধান এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সহায়তা করে।
ডিজাইন এইস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ বলেন, ‘এ ধরনের সহযোগিতা আমাদের কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে বিনিয়োগ এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য প্রস্তুতি নেওয়ার আত্মবিশ্বাস জোগায়।’
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ কাজের ধরন ও পদ্ধতির উন্নয়নেও ভূমিকা রাখছে। আইরিস ডিজাইন লিমিটেডের সঙ্গে একটি আন্তর্জাতিক খুচরা বিক্রয় প্রতিষ্ঠানের সহযোগিতায় উন্নত হয়েছে উৎপাদন পরিকল্পনা ও কার্যদক্ষতা। পাশাপাশি কর্মীদের ধারাবাহিক উন্নয়নেও উৎসাহ তৈরি হয়েছে।
আইরিস গ্রুপ বিডির মার্কেটিং ও অ্যান্ড কমপ্লায়েন্স ডিরেক্টর মারজিয়া এম. অধরা বলেন, ‘পারস্পরিক বোঝাপড়া এবং একসঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতা দীর্ঘস্থায়ী আস্থা গড়ে তুলতে সহায়তা করেছে।’
দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক নতুন বিনিয়োগের ক্ষেত্রেও আত্মবিশ্বাস তৈরি করছে। এর উদাহরণ বেল বটম। এলপিপির সঙ্গে ধারাবাহিক ও নির্ভরযোগ্য ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করেছে।
বেল বটমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামান বলেন, ‘স্থিতিশীল ও নির্ভরযোগ্য ব্যবসায়িক অংশীদারিত্ব আমাদের স্বয়ংক্রিয় উৎপাদনব্যবস্থা, পরিবেশ, সামাজিক দায়িত্ব ও সুশাসনসংক্রান্ত উদ্যোগ এবং কর্মীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগের আত্মবিশ্বাস জুগিয়েছে। এসব বিনিয়োগের ফলে মাত্র তিনজনের একটি দল থেকে প্রতিষ্ঠানটি বর্তমানে ৩৫০ জন বিশেষজ্ঞ কর্মীর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একই সঙ্গে ব্যবসার পরিধি বেড়েছে ৯০ গুণ।’
সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন কিংবা কাঁচামালের দামের ওঠানামার মতো প্রতিকূল পরিস্থিতিতে ব্যবসায়িক অংশীদারিত্বের গুরুত্ব আরও বেড়ে যায়। চৈতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, ‘বাজারের ক্রমাগত অস্থিরতা ও ব্যবসায়িক কার্যক্রমের নানা চ্যালেঞ্জের মুখে গঠনমূলক আলোচনা এবং পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠানগুলোকে স্থিতিশীলতা বজায় রেখে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে সহায়তা করে।’
সংশ্লিষ্টদের অভিজ্ঞতায় দেখা যায়, ব্যবসায়িক অংশীদারিত্বের সাফল্য শুধু ক্রয়াদেশ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং দীর্ঘমেয়াদি সম্পর্ক নতুন বিনিয়োগ, ব্যবসার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের আত্মবিশ্বাস তৈরি করে। এলপিপির সঙ্গে যুক্ত বাংলাদেশের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা প্রমাণ করে, পারস্পরিক আস্থা ব্যবসার প্রবৃদ্ধি এবং প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বৈশ্বিক ফ্যাশনশিল্পে পারস্পরিক আস্থা ক্রমেই অর্থের মতো গুরুত্বপূর্ণ মূলধন হয়ে উঠছে। বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি অগ্রযাত্রায় এ আস্থা গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে।