শীতকে সামনে রেখে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে ওয়ালটন। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পণ্য উন্মোচন করা হয়।
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল নতুন মডেলের এসব হোম অ্যাপ্লায়েন্স উন্মোচন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ। এ সময় ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়ালটনের নতুন গিজারের তালিকায় রয়েছে ৪৫ লিটারের ‘অ্যাকুয়াওয়ার্ম’ মডেলের স্মার্ট গিজার, যা আইওটি (ইন্টারনেট অব থিংস) প্রযুক্তিনির্ভর ও ওয়াই-ফাই সংযুক্ত। এটি ওয়ালটন স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের মোবাইল অ্যাপের মাধ্যমে যেকোনো স্থান থেকে নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি হাতের স্পর্শ ছাড়াই অ্যালেক্সা ও গুগল হোমের মাধ্যমে ভয়েস কমান্ডেও এটি পরিচালনা করা সম্ভব।
এছাড়া ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন সুবিধা ও দুই স্তরের নিরাপত্তা ফিচারসহ ৪০ লিটারের ‘ক্রিস্টাল ফ্লেক্স’ মডেল এবং উচ্চতাপ ও চাপ সহনশীল প্লাস্টিক বডির ৩০ লিটারের ‘সুপ্রিম’ মডেল বাজারে আনা হয়েছে।
পাশাপাশি ট্রিপল লেয়ার সিরিজ, ডাবল লেয়ার সিরিজ, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিকসহ বেশ কয়েকটি নতুন মডেলের ইলেকট্রিক কেটলিও উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ঘর গরম রাখতে আনা হয়েছে নতুন কম্বো মডেলের রুম হিটার, যাতে এয়ার কুলার ও এয়ার হিউমিডিটির সুবিধাও রয়েছে। ফলে শীতের পাশাপাশি গরমের সময়েও ঘরের বাতাস শীতল রাখতে এটি ব্যবহার করা যাবে।
অনুষ্ঠানে ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, ওয়ালটনের প্রতিটি হোম অ্যাপ্লায়েন্স বিএসটিআইয়ের মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে।
নতুন গিজারগুলোতে মরিচা ও পানির খনিজ আস্তরণ প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সিএফসি-মুক্ত পিইউ থার্মাল ইনসুলেশন, ডাবল পোল থার্মোস্ট্যাটের মাধ্যমে অটোমেটিক কাট-অফ সুবিধা এবং অতিরিক্ত গরমে বিস্ফোরণ প্রতিরোধে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে ওয়ালটন গিজারে গ্রাহকদের সাত বছরের ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে। এ ছাড়া ইলেকট্রিক কেটলিতে খাদ্যনিরাপত্তা সনদপ্রাপ্ত ফুড গ্রেড ম্যাটেরিয়াল এবং পণ্যগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উপাদান ব্যবহারের কথা জানানো হয়।