গ্রাহকদের হাতে পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি পৌঁছে দেওয়ার লক্ষে দেশজুড়ে ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’ চালু করেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। এই অফারের আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের নতুন ইনভার্টার প্রযুক্তির স্প্লিট, ক্যাসেট ও সিলিং টাইপ এসি কিনলে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাওয়া যাচ্ছে।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ফিরোজ আলম প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুমে যেকোনো ব্র্যান্ডের পুরনো স্প্লিট, ক্যাসেট কিংবা সিলিং টাইপ এসি জমা দিয়ে গ্রাহক পছন্দমতো ওয়ালটনের পৌনে এক টন থেকে দুই দশমিক পাঁচ টনের ইনভার্টার স্প্লিট এসি এবং এক দশমিক পাঁচ টন থেকে পাঁচ টনের ইনভার্টার ক্যাসেট বা সিলিং টাইপ এসি কিনতে পারবেন। এ ক্ষেত্রে পছন্দ করা নতুন এসির মূল্যে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় মিলবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সুবিধা চলবে।
অনুষ্ঠানে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, টেকসই পরিবেশ সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ইউএনডিপির সমন্বয়ে ওয়ালটন ইতিমধ্যে এসিতে ক্ষতিকর সিএফসি ও এইচসিএফসি গ্যাসের ব্যবহার পুরোপুরি বন্ধ করেছে। বাংলাদেশে ওয়ালটনই প্রথম বিশ্বস্বীকৃত পরিবেশবান্ধব আর-২৯০ ও আর-৩২ রেফ্রিজারেন্টসমৃদ্ধ এসি উৎপাদন ও বাজারজাত করছে। এর ফলে পরিবেশবান্ধব শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র উৎপাদনে বাংলাদেশ বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও এগিয়ে গেছে।
তানভীর রহমান আরও জানান, ওজন স্তরের জন্য ক্ষতিকর গ্যাসসমৃদ্ধ পুরনো এসি পর্যায়ক্রমে বাজার থেকে সরিয়ে নিতে ২০১৯ সাল থেকে এসি এক্সচেঞ্জ ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এর মাধ্যমে পুরনো বা অচল এসির বদলে বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি দেওয়া হচ্ছে, যা কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি গ্রাহকদের বিদ্যুৎ বিল সাশ্রয়ে ভূমিকা রাখছে।
প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে বিএসটিআইয়ের সর্বোচ্চ এনার্জি রেটিং সনদপ্রাপ্ত সুপার সেভারসহ পৌনে এক টন থেকে দুই দশমিক পাঁচ টন ক্ষমতাসম্পন্ন স্প্লিট টাইপ ইনভার্টার স্মার্ট এসি বাজারজাত করছে ওয়ালটন। পাশাপাশি মাঝারি ও বড়ো স্থাপনার জন্য ভিআরএফ ও চিলারসহ এক দশমিক পাঁচ টন থেকে পাঁচ টন ক্ষমতার সিলিং ও ক্যাসেট টাইপ ইনভার্টার এসিও উৎপাদন করা হচ্ছে। ওয়ালটন এসিতে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধাসহ কম্প্রেসরে ১২ বছর পর্যন্ত গ্যারান্টি দেওয়া হচ্ছে।