মস্কোয় ‘অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড’ জিতলেন বাংলাদেশের কাবিল খান

রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘পঞ্চম রোসসোত্রুদনিচেস্তভো অনেস্ট ভিউ ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৬’-এ সেরা পুরস্কার জিতেছেন বাংলাদেশের ড. মো. আবদুল কাবিল খান। ‘পেশাদার জনরা সাংবাদিকতা’ বিভাগে তিনি এ সম্মাননা অর্জন করেন। কাবিল খান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (জেএমসি) বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মস্কোর বালচুগ কেম্পিনস্কি হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১০০ জন চূড়ান্ত মনোনীত সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আসরে বিশ্বের ৮৫টি দেশ থেকে আট শতাধিক আবেদন জমা পড়ে। বাছাই শেষে ১০০ জনকে চূড়ান্তভাবে আমন্ত্রণ জানানো হয়। ছয়টি বিভাগে মোট ২১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়, যাদের জন্য মোট পুরস্কারমূল্য ছিল ৭০ লাখ রুবল।

বাংলাদেশ থেকে আমন্ত্রিত পাঁচ সাংবাদিকের মধ্যে কাবিল খান সেরা পুরস্কার জেতেন। এছাড়া সম্মাননা পুরস্কার পেয়েছেন সময় টেলিভিশনের সহযোগী জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সাঈদ নিশান, দেশ টিভির নিজস্ব প্রতিবেদক সঞ্জু রায়, দ্য সাটল টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক মাজহারুল ইসলাম ও রূপসী বাংলার সম্পাদক গৌতম কুমার।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের পাশাপাশি আমন্ত্রিত সাংবাদিকদের জন্য পাঁচ দিনব্যাপী বিশেষ সফরের আয়োজন করা হয়। এ সময় তাদের মস্কোর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর পাশাপাশি রাশিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। রাশিয়ান ফেডারেশন আমন্ত্রিত সাংবাদিকদের বিমানযাত্রা, আবাসন ও যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করে।

আন্তর্জাতিক পর্যায়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সাংস্কৃতিক ও মানবিক সংলাপকে উৎসাহিত করতে ২০২২ সাল থেকে রোসসোত্রুদনিচেস্তভো এই পুরস্কার দিয়ে আসছে।