দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলার হরতাল চলছে।
সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই হরতাল পালন শুরু করে বাম দলগুলো।
সকাল ৬টা ৪০ মিনিটে টিএসসি থেকে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্র ইউনিয়নের কর্মীরা। শাহবাগ মোড়ে পৌঁছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে দিয়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করে।
দেশজুড়ে চলা এই হরতালের শুরুতে রাজধানীতে এখন পর্যন্ত কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি। রাজধানীর শাহবাগ মোড়সহ বিভিন্ন এলাকায় দিনের শুরুতে যান চলাচল স্বাভাবিক দেখা যায়।
তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গাড়ি শাহবাগ মোড়ে পৌঁছালে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা গাড়ি আটকে দিয়ে সামনে বসে পড়েন। পরে গাড়িটি রুট পরিবর্তন করে অন্য দিক দিয়ে চলে যায়। তবে সকাল সোয়া ৭টার দিকে শাহবাগ মোড়ে আগুন জ্বালায় হরতালের সমর্থকরা।
এদিকে, পল্টন মোড়ে অবস্থা নিয়ে বিক্ষোভ থেকে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। মানুষ রাস্তায় নেমে এসেছে’। এই হরতালে কোনও ধরনের উসকানি না দেওয়ার আহ্বান জানান তিনি।
নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের আধা বেলা হরতাল পালনের ডাকে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি।
জোটের নেতারা বলেছেন, দুর্গতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ায় মানুষ হরতালে সমর্থন দেবে। সরকারের পক্ষ থেকে যদি কোনো বাধা না দেওয়া হয়, তাহলে শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করা সম্ভব হবে।
আরও পড়ুন: ঢাবিতে ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত
রোববার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জনকল্যাণমূলক যেকোনো দাবির প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবে বিএনপি বাম গণতান্ত্রিক জোটের এ হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে।
একাত্তর/এসজে