হাসিনাকে হুমকি দিলে বিএনপির করুণ পরিণতি: আওয়ামী লীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করলে বা হুমকি দিলে বিএনপি’কে করুণ পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সেই সঙ্গে রাজধানীতে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে রাজপথেই বিএনপিকে মোকাবেলা করার হুশিয়ারিও দিয়েছেন ক্ষমতাসীন দলটির নেতারা। 

বিএনপি ও ছাত্রদল নেতা কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ায় সারাদেশে একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। 

শনিবার রাজধানীতেও একই সঙ্গে জাতীয় প্রেসক্লাবের সামনে এবং বঙ্গবন্ধু এভিনিউতে বিক্ষোভ কর্মসূচি পালন করে সহযোগী সংগঠনগুলো। 


প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ অনুকম্পা দেখাচ্ছে বলে বিএনপি টিকে রয়েছে।

তিনি বলেন, বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাসী। শেখ হাসিনা মহানুভবতা দেখিয়েছেন বলেই পৃথিবীর একমাত্র বন্দি হিসেবে খালেদা জিয়া জেলখানায় আরাম আয়েশে থাকতে পেরেছেন। 

বিরোধী দলে থাকতে আমরা (আওয়ামী লীগ) অনুকম্পা চাইনি, আমরা অনুকম্পা দেখাচ্ছি বলে বিএনপি টিকে রয়েছে। অপরদিকে আমরা আন্দোলন-সংগ্রাম করে মাঠে ছিলাম।


বঙ্গবন্ধু এভিনিউতে বিক্ষোভ সমাবেশ করে স্বেচ্ছাসেবক লীগ। সেখানে আওয়ামী লীগ নেতারা রাজপথেই বিএনপিকে প্রতিহত করার ঘোষণা দেন তারা।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, আবার সন্ত্রাসের পথে হাঁটলে বিএনপিকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না, দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। 

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য মরিয়া হয়ে উঠেছে বিএনপি। দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু করেছে তারা।


একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, একাত্তরের খুনি, পঁচাত্তরের খুনি ও ২১ আগস্টের খুনি-এরা এখন অভিন্ন শক্তি।

এই খুনিদের বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নেই। তারা এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য উসকানিমূলক বক্তব্য দেয়, উসকানিমূলক কথাবার্তা বলে।

তিনি বলেন, আজকে যখন বাংলাদেশে স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন হতে যাচ্ছে, তখন তারা শেখ হাসিনাকে হত্যার কথা বলছে। 

কি তাদের উদ্দেশ্য, কি তাদের লক্ষ্য? তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের উন্নয়নের বিপক্ষে দাঁড়ানো। তারা দেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে।

আর, রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুশিয়ারি দেন, শেখ হাসিনাকে হুমকি দিলে পরিণতি হবে ভয়ংকর।

তিনি বলেন, পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার— এ ধরনের স্লোগান দিলে হত্যা ও সন্ত্রাসের রাজনীতির পরিমাণ হবে ভয়াবহ।

বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, যেভাবে চালাচ্ছেন, এভাবে যদি চলতে থাকে, পরিণতি কী হবে দেখতে পাবেন। পরিণতি কার খারাপ হবে সেটা বাস্তবেই দেখতে পাবেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি একটি বড় দল। নির্বাচনে আসুক, প্রতিদ্বন্দ্বিতা আমরা চাই। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশ নিতে হবে। 

আরও পড়ুন: আবারও ১৫ আগস্ট করার কথা বললে আইনের মাধ্যমে দাঁত ভেঙে দেবো: আইনমন্ত্রী

নির্বাচনে অংশ না নিয়ে, যদি মনে করেন হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতার মসনদে বসবেন- তাহলে রঙ্গিন খোয়াব দুঃস্বপ্নে পরিণত হবে, বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুশিয়ারি দিয়ে বলেন; প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ও হুমকি দিয়ে ক্ষমতা দখলে বিএনপির স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে কাদের বলেন, ফখরুল সাহেব এবং বিএনপির কিছু নেতা আবোল-তাবোল বলছেন। তাদের আসলে মাথা খারাপ হয়ে গেছে।


একাত্তর/এসি