কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, আমরণ অনশনের ঘোষণা

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে বহিস্কৃত ১৬ ছাত্রলীগ নেতা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে বহিষ্কার হওয়া ছাত্রলীগ নেত্রীরা এ দাবি জানান।

তারা বলেন, দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলেও কেন্দ্রীয় ছাত্রলীগ নিরপেক্ষ তদন্ত ছাড়াই এক পক্ষের ১৬ জনকে বহিষ্কার করে পক্ষপাতমূলক আচরণ করেছে।

কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি সুস্মিতা বাড়ৌই বলেন, রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় যারা মারামারি করেছেন, তাদের কাউকে বহিষ্কার করা হয়নি। আমরা যারা মারামারি করিনি, তাদের করা হয়েছে। আর গতকাল ভুক্তভোগীরা আত্মরক্ষার জন্য সংঘর্ষে জড়িয়েছেন।

সুস্মিতা আরও বলেন, ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার হাজারো অনিয়ম-দুর্নীতির প্রমাণ থাকার পরও তাকে বহিষ্কার করতে না পারা বাংলাদেশ ছাত্রলীগের পেসিডেন্ট-সেক্রেটারির ব্যর্থতা বলে আমরা মনে করি।

এ সময় আমরণ অনশনে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি সোনালি আক্তার।

সংবাদ সম্মেলন শেষে সোমবার দুপুর থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে অনশন করবেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সংবাদ সম্মেলন শেষ করে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে অনশনের জন্য যাত্রা করেছেন। 

এর আগে রোববার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

গণমাধ্যমে পাঠানো ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,  রাজধানীতে ইডেন কলেজে ছাত্রলীগের দুইপক্ষের দ্বন্দ্ব ও মারামারির ঘটনায় ওই কলেজ ছাত্রলীগ কমিটির কার্যক্রম স্থগিতসহ ১৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অপরাধে, প্রাথমিকভাবে পাওয়া প্রমাণের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন- ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা ঊর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগাঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা, সূচনা আক্তার।

আরও পড়ুন: ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কার ১৬

এর আগে রোববার ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ওরফে রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা কলেজ প্রশাসনের থেকেও অনেক বেশি শক্তিশালী এবং বারবার নানা অপরাধে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েও কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ওঠে। এমন নানা অভিযোগে তাদের দুজনকে কলেজ ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন কলেজ শাখা ছাত্রলীগের ২৫ জন নেতা। 

সেদিন তামান্না ও রাজিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া হলে ছাত্রলীগের কমিটি থেকে গণপদত্যাগের হুমকি দেন তারা। এরপরই মারামারির ঘটনা ঘটে।


একাত্তর/এসি