আওয়ামী লীগ পাল্টাপাল্টি কোন কর্মসূচি দিচ্ছে না: কাদের

কর্মসূচির নামে বিএনপি নাশকতার উসকানি দিলে আওয়ামী লীগ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি আন্দোলনের নামে সহিংসতার চেষ্টা করছে। আওয়ামী লীগ পাল্টাপাল্টি কোন কর্মসূচি দিচ্ছে না। সহিংসতার চেষ্টা হলে তাদের সমুচিত জবাব দেয়া হবে। 

বাংলার ইতিহাসের গৌরবোজ্জল এক জনপদের নাম সোনারগাঁও। প্রাচীন বাংলার রাজধানী। স্মৃতি বিজড়িত সেই সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প জাদুঘরে মাসব্যাপী লোকজ উৎসব। বাংলার লোক সংস্কৃতির নানা অনুষঙ্গ তুলে ধরার চেষ্টা। 

বুধবার দুপুরে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাসব্যাপী সেই লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধন করতে এসে রাজনীতির কঠিন মানুষ ওবায়দুল কাদেরও মন্ত্রমুগ্ধ এক শ্রোতা। মনভরে গান শুনলেন। উপভোগ করলেন পাহাড়ি নাচ। 

দেশীয় বাদ্যযন্ত্রের একটি স্টলে দাঁড়িয়ে একতারা হাতে নিয়ে কিছুক্ষণ বাজালেনও তিনি। মেলার বিভিন্ন দেশীয় কারুপণ্যের স্টল ঘুরে দেখেন এবং দোকানিদের সাথে কথা বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন তিনি। 

বক্তৃতায় লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেছেন সমসাময়িক রাজনীতি নিয়েও। দেশ গভীর ষড়যন্ত্রের মুখে উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকরা আবারও একাট্টা হয়েছে। তাদের রুখে দিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশ গভীর ষড়যন্ত্রের মুখে। এ দেশ আবারো সাম্প্রদায়িকতার ছোবলে আক্রান্ত, জঙ্গিবাদের যারা এদেশে সূচনা করেছে, তাদের পৃষ্ঠপোষকতায় আবারো হিংস্র থাবা দৃশ্যমান। এখানে রাজনীতির পাশাপাশি সংস্কৃতির দায়িত্ব আছে। এ শত্রু আমাদের অভিন্ন শত্রু। ওরা স্বাধীনতার দুশমন, মুক্তিযুদ্ধের দুশমন। এদের হৃদয়ে বাংলাদেশ নেই।

বক্তব্যের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার ও জানমালের রক্ষায় কাজ করে যাচ্ছে। বিএনপি-জামাত শান্তিপূর্ন আন্দোলনে বিশ্বাসী নয়। তারা দেশ ও জনগণের জানমালের ক্ষতি করলে আমরা এর সমুচিত জবাব দিবো। অসুস্থ রাজনীতি করতে করতে ফখরুল সাহেবরা নিজেরাই অসুস্থ হয়ে গেছেন।

আগামী নির্বাচন পর্যন্ত যারাই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের কঠিন হস্তে প্রতিরোধ করা হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি একত্রিত হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে প্রতিরোধ করার আহবানও জানান সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব উদ্বোধনী বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঘিরে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। যাতে বর্তমান প্রজন্ম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসকে জানতে পারে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ডিজিটালের ছোঁয়ায় ইট পাথরে খাঁচায় বন্দী না করার আহবান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আমি বড় ভুল করেছি কুষ্টিয়ার লালন শাহার সমাধি ইট পাথরের খাঁচায় বন্দী করে দিয়ে।

তিনি আরও বলেন, পানাম সিটির মনোরম দৃশ্যপট সবাইকে মুগ্ধ করে। সোনারগাঁয়ের এইসব বিষয়গুলোর দিকে কর্তৃপক্ষ ঠিকমতো নজর দিলে জাতির পিতা শেখ মজিবুর রহমান ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের লক্ষ্য সার্থক হবে। আজকের সমাবেশ সাংস্কৃতিক সমাবেশ। আপনারা সব জায়গায় রাজনীতি টেনে আনবেন না।

ওবায়দুল কাদের বলেন, সংস্কৃতির আসল রূপ ধরে রাখতে হবে। বাঁশ দিয়ে আপনারা যে সেতু তৈরি করেছেন সেটাই এখানকার ঐতিহ্য। এটাকে বহাল রাখতে হবে। এটার আদি রূপটাকে তার সঠিক জায়গায় রাখতে হবে। সোনারগাঁ জাদুঘরকে স্মার্ট জাদুঘর করা দরকার নেই। এর সঙ্গে নানা ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। 


একাত্তর/এআর