সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে: আইনমন্ত্রী

কোনও নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নয়, সংবিধান অনুযায়ীই দেশে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

তিনি বলেছেন, ‘এখন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। আগামী নির্বাচনে কোনও নির্দলীয় সরকার বা কেয়ারটেকার সরকার থাকবে না।’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার আওয়ামীলীগের কর্মী সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 

আইনমন্ত্রী বলেন, ‘কোন বাধা ছাড়াই বিএনপি কথা বলতে পারছে. এটাইতো গণতন্ত্র। দেশে এখন আইনের শাসন আছে, নৈরাজ্য নাই। কেউ বলতে পারবে না যে, হত্যার বিচার হয় না।

‘বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারে নাই। আর তারা আইনের শাসনের কথা বলে,’- মন্তব্য করেন এই আইনজীবী।   

সংবিধান নিয়ে বিএনপি ও জাতীয় পার্টির ফুটবল খেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। 

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে বাংলাদেশ চলে। বিএনপি, স্বৈরাচার জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে। আর সেটা বন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: শপথ নেয়া হয়েছে, আন্দোলন সফল হবে: ফখরুল

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে কর্মী সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলসহ প্রমুখ। 


একাত্তর/আরবি