কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আমার জীবনের শ্রেষ্ঠ ভুল হলো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করা ও জোটে যাওয়া। বিএনপিকে ১০০ বছরে যতোটা না চিনতে পারতাম, জোটে গিয়ে তিন মাসেই চিনেছি। ওই ভুল থেকে শিক্ষা নিয়ে বুঝেছি, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। বিএনপি হলো খালেদা জিয়া-তারেক রহমানের দল।
শুক্রবার সকালে গাজীপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পরে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি আব্দুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান ভুঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দেলোয়ার, অর্থ সম্পাদক আব্দুল্লাহ বীর প্রতীক।
এসময় তিনি মার্কিন ভিসা নীতির সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুই দল এটাকে যেভাবেই মনে করুক না কেন, আমি মনে করি বাংলাদেশের জন্য এটা মস্ত বড় লজ্জার। সার্বিকভাবে দেশের জন্য এটা অসম্মানের।
তিনি বলেন, সাধারণত যে দেশ ভিসা দেয়, সে দেশ তাদের ইচ্ছা মতোই দিয়ে থাকে, এটাই বিধান। কিন্তু সেই বিধানটা বাংলাদেশের ওপর এরকম ঘোষণা করে যেটা করলো সেটা আমাদের সম্মানহানি হয়েছে। আমরা যে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, সেই রক্তের অবমূল্যায়ন করা হয়েছে। আমি আশা করবো দেশের মানুষও এটা বোঝার চেষ্টা করবেন।
আরও পড়ুন: ১০ দিনের মধ্যেই লোডশেডিং স্বাভাবিক: সালমান এফ রহমান
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আব্দুর রহমানকে সভাপতি ও অ্যাডভোকেট আতিকুর রহমান ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করে কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
একাত্তর/এসি