বাইডেনের কথিত উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যা পরিচয়ের মামলা

বিএনপি অফিসে সংবাদ সম্মেলনকারী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফির বিরুদ্ধে মামলা হয়েছে।

রাজধানীর পল্টন থানায় এই মামলা দায়ের করেছেন গোপালগঞ্জের মহিউদ্দিন শিকদার।

মামলার আসামি করা হয়েছে মিঞা জাহিদুল ইসলাম আরেফিন (মিয়ান আরাফি), অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সারোওয়ারদী এবং বিএনপি নেতা মো.ইশরাক হোসেনকে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া সেন্টারের উপ পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।

মামালার এজাহার থেকে জানা গেছে, অপরের রূপ ধারণ ও মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গ করার অভিযোগ এনে এই তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।

রোববার কথিত এই মার্কিন নাগরিককে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ডিবির হাতে তুলে দেওয়া হয়।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকায় দিনভর ব্যাপক সহিংসতা ও সংঘাতের পর বিকেলে হঠাৎ করেই মিয়ান আরাফি নামের ওই ব্যক্তি নিজেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে দাবি করেন। তবে এই ব্যক্তির বিএনপি কার্যালয়ে যাওয়া এবং বক্তব্য রাখার বিষয়ে দায় নেয়নি দলটি। আর মার্কিন দূতাবাস বলেছে, তাদের কোন প্রতিনিধি সেখানে যায়নি।

দুই দফা গণমাধ্যমের সাথে কথা বলার সময় কথিত মিয়ান আরাফি বিএনপির সমাবেশে পুলিশ নির্বিচারে হামলা চালিয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে এ বিষয়ে রিপোর্ট দেওয়া হয়েছে। তিনি বলেন, শনিবার যা হয়েছে তার আগাগোড়া আমেরিকা জানে।

কথিত এই মার্কিন নাগরিক আরও হুঁশিয়ার দেন, বিএনপির সমাবেশ পণ্ড করার পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে স্যাংশন দেয়া হবে। এছাড়াও তিনি দেশের রাজনীতি ও সরকার নিয়েও নেতিবাচক কথা বলেন।

তবে বিএনপি বলেছে, ওই ব্যক্তি সম্পর্কে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুই জানেন না। তার কোনো বক্তব্যের দায় বিএনপি নেবে না।