আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ৩৩৬২

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে তিন হাজার ৩৬২টি। মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত এই পরিমাণ ফরম বিক্রি হয়েছে বলে দলীয় সূত্রে জানান। এদিন শেষ হয়েছে ফরম বিক্রি ও জমার সময়।

আর ফরম বিক্রি হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকার। অনলাইনে বিক্রি হয়েছে ১২১টি।

সবচেয়ে বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ঢাকা বিভাগে ৭৩০টি। চট্টগ্রামে ৬৫৯, রাজশাহী ৪০৯, খুলনা ৪১৬, রংপুর ৩০২, ময়মনসিংহ ২৯৫, সিলেট ১৭২ এবং বরিশাল বিভাগে ২৫৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

ভোটের তফসিল ঘোষণার পর শনিবার থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিতরণ শুরু করেছে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ।

প্রার্থী হতে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

এরপর প্রার্থী হলে আগ্রহীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। গেল চারদিন ধরেই উৎসব মুখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। শেষ দিনে বিক্রির চেয়ে বেড়েছে জমা দেয়ার সংখ্যা।

নিজেদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন নেতারা। কেন্দ্রীয় নেতারা বলছেন, সবচেয়ে গ্রহণযোগ্য ও ত্যাগী প্রার্থীকেই বেছে নেয়া হবে। আর প্রার্থী বাছাইয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের এগিয়ে রাখার আহ্বান জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।

এদিকে মনোনয়ন ফরম বিক্রি হলেও আসন্ন ভোটে নৌকার কাণ্ডারি কারা হবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বৈঠকে বসবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।

তবে আসন্ন ভোটে নৌকার কাণ্ডারি কারা হবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বৈঠকে বসবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।