দ্বৈত নাগরিক শাম্মীর নৌকার মনোনয়ন বাতিল, টিকে গেলেন স্বতন্ত্রের পঙ্কজ

পাল্টাপাল্টি অভিযোগের পর অবশেষে ভোটের লড়াই থেকে ছিটকে গেলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ। দ্বৈত নাগরিক হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এদিকে নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথের মনোনয়নপত্র বৈধ হওয়ায় ভোটযুদ্ধে টিকে থাকলেন আওয়ামী লীগ থেকে অব্যাহতি পাওয়া এই নেতা।  

রোববারই আলোচিত এই দুই নেতার বরিশাল-৪ আসনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। সোমবার শুনানি শেষে সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

তিনি বলেন, শাম্মী আহম্মেদ, দ্বৈত নাগরিকত্ব থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

তবে প্রার্থিতা ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দিয়েছেন শাম্মী আহম্মেদের ভাই শাহাব উদ্দিন আহমেদ।

হিজলা-মেহেন্দিগঞ্জ নিয়ে গঠিত বরিশাল-৪ আসনে নৌকা মনোনয়ন প্রত্যাশী ছিলেন শাম্মী ও পঙ্কজ দুজনই। নৌকার মনোনয়নে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচনে জয়ী হওয়া পঙ্কজ এবার দলের টিকিট পেতে ব্যর্থ হন। তার জায়গায় প্রথমবারের মতো নৌকার মনোনয়ন পান শাম্মী আহমেদ।

আওয়ামী লীগের মনোনয়ন যুদ্ধে নামা শাম্মী ও পঙ্কজের দ্বন্দ্ব বেশ আলোচনার জন্ম দেয়। শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক- এমনটা দাবি করে তার প্রার্থিতা বাতিল চান পঙ্কজ নাথ।

আর পরিবহণ ব্যবসায় আয়কর বকেয়ার অভিযোগ তোলা হয়েছে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ নাথের বিরুদ্ধে।

পঙ্কজ নাথ সব থেকে আলোচনায় আসেন গত বছর সেপ্টেম্বরে। তাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে বরিশাল-৪ আসনে সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আসাদুজ্জামানের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম।