দ্বাদশ সংসদ নির্বাচনের পর জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হবে তৃণমূল বিএনপি। এমনটাই দাবি করেছেন সিলেট-৬ আসনের প্রার্থী ও দলটির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
রোববার বিকেলে সিলেটের গোলাপগঞ্জে নিজ নির্বাচনী কার্যালয়ে একাত্তরকে এ কথা বলেন তিনি।
সোনালী আঁশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা তৃণমূল বিএনপির চেয়ারম্যান বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দিপনা নিয়ে নিার্বচনী প্রচার চালানো হচ্ছে। শেষ সময় পর্যন্ত এ অবস্থা থাকলে তৃণমূল বিএনপির জয় অনেকটা নিশ্চিত।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিভিন্ন মন্তব্য বাংলাদেশের নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়বে না। কারন বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট প্রয়োগ করলে অন্য দেশের মন্তব্য কাজে আসবেনা।
এর আগে শনিবার বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বেশ কিছু এলাকায় গণসংযোগ করে তিনি বলেন, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন বা অভিযোগ নেই। প্রশাসন যেভাবে তার আসনে কাজ করে যাচ্ছে, সেভাবে কাজ করলে নিবার্চন সুন্দর এবং সুষ্ঠু হবে। ভোট নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। যতো দিন গড়াবে, ভোট নিয়ে মানুষের আগ্রহ ততো বাড়বে বলেও মন্তব্য করেন সাবেক এই পররাষ্ট্র সচিব।