দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীদের পক্ষে ভোট চাইতে বৃহস্পতিবার নারায়ণগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার শেষ জনসভা।
শেখ হাসিনার জনসভা সফল করতে এরই মধ্যে প্রস্তুতি প্রায় শেষ করেছে জেলা আওয়ামী লীগ।
১৫ বছর পর নারায়ণগঞ্জ আসছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরের ইসদাইরে একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। আর এজন্য চলছে মঞ্চ তৈরির কাজ।
বিশাল এই জনসভার আয়োজন করছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। দলীয় সভাপতির আগমনে নতুন করে উৎসাহ পাবেন নেতাকর্মীরা, বললেন জেলা আওয়ামী লীগের সভাপতি।
আর নারায়ণগঞ্জের দুটি আসনের সংসদ সদস্য জানালেন, দলীয় সভাপতির কাছে জেলাবাসীর প্রত্যাশা তুলে ধরবেন তারা। প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তায় নিশ্ছিদ্র ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন।
নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের চারটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। ইসদাইরের জনসভায় তাদেরকে পরিচয় করিয়ে দিয়ে নৌকায় ভোট চাইবেন আওয়ামী লীগ সভাপতি।