আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগকর্মী সবুজের জানাজা

কোটা সংস্কার আন্দোলনে নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৩টা ৩ মিনিটে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে মৃত সবুজের বড় ভাই  নুরুন্নবী আহাজারি করে বলেন, আমি পড়াশোনা না করে আমার ছোট ভাইকে পড়াশোনা করিয়েছি। আমার ছোট ভাইয়ের অনেক বড় স্বপ্ন ছিল। কিন্তু আজ তা মাটির সঙ্গে মিশে গেলো। কখনও ভাবতেই পারিনি আমার ভাই এত তাড়াতাড়ি সবাইকে ছেড়ে চলে যাবে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া জানাজায় অংশ নেন নানা শ্রেণি পেশার মানুষ।

এর আগে দুপুরে রাজধানীর শাহবাগে ছাত্রলীগের উদ্যাগে সবুজের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে ঢাকা কলেজ ছাত্রলীগ সদস্য সবুজের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসা পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। 

পরে সবুজের মরদেহ তার নিজ এলাকা নীলফামারীর সদর উপজেলার উদ্দেশ্যে  নিয়ে যাওয়া হয়। সেখানে সবুজের মরদেহ দাফনের কথা রয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক। আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।