নিবন্ধন পেলো নাগরিক ঐক্য, প্রতীক কেটলি

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে নাগরিক ঐক্য। আর নাগরিক ঐক্যের প্রতীক হবে ‘কেটলি’।

সোমবার দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। এর আগে দুপুরে গণঅধিকার পরিষদকে নিবন্ধন দেয় ইসি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য এই দুটিসহ বেশ কিছু দল ইসিতে আবেদন করেছিলো। তবে তখন এই দুটি দলকে নিবন্ধন দেওয়া হয়নি। পরিবর্তিত পরিস্থিতিতে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন দল দুটিকে নিবন্ধন দিলো।

ইসি সচিব শফিউল আজিমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী নাগরিক ঐক্যকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। এই দলের জন্য ‘কেটলি’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলের নিবন্ধন নম্বর ৫২।

২০১২ সালের ১ জুন নাগরিক ঐক্য গঠন করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না। আওয়ামী লীগের বিরুদ্ধে দলটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নানা রাজনৈতিক কর্মসূচি পালন করেছে।