সংস্কার ও নির্বাচনের মধ্যে বিরোধ নেই: মির্জা ফখরুল

সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা বারবার বলছি, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কার চলবে, নির্বাচন হবে। নির্বাচনের মধ্যে দিয়ে যে দল সরকারে আসবে তারা সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে।

রোববার (১৯ জানুয়ারি) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।

এসময় তিনি আরো বলেন, ঐকমত্য ছাড়া সংস্কার বাস্তবায়ন সম্ভব না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে হবে।

মির্জা ফখরুল বলেন, আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে পারি, প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাবো।

অন্তর্বর্তী সরকারের গঠিত ৪টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে বিএনপি কোনো মন্তব্য করতে চায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যায়নি। ‘দ্বিতীয় সরকার’ যেটা বলেছে এবং পরিকল্পনা করেছে যে রিপোর্টগুলো হাতে পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর আলোচনা করবে। তারপরই সিদ্ধান্ত হবে। ঐকমত্য ছাড়া কোনোটিই গ্রহণযোগ্য হবে না। অতি অল্প সময়ে নির্বাচনের মধ্যে দিয়ে যাতে গণতন্ত্রে ফিরে যেতে পারি সেই ব্যবস্থা করা হোক।

১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলির বাগবাড়িতে জন্মগ্রহণ করেন দেশের জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

fakrul1

তার জন্মদিনে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে শের-ই বাংলা নগরে আসেন দলটির নেতাকর্মীরা। 

তারা অভিযোগ করেন গেলো পনেরো বছর দলের প্রতিষ্ঠাতার জন্মদিন উদযাপন করতে পারেননি। প্রত্যয় জানান, সফল এই রাজনীতিকের দেখানো পথ অনুসরণ করে দেশকে নেতৃত্ব দেয়ার।

বেলা ১১ টার কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাতেহা পাঠ করে মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম প্রমুখ।