ভারতের শাসকগোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: জামায়াত সেক্রেটারি

ভারতের বর্তমান শাসকগোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত ‘ভাষা আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান: অপ্রতিরোধ্য বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ অভিযোগ করেন।

এসময় তিনি বলেন, যারা আমাদের পানি দিতে চায় না, বর্ডার কিলিং করে, বাণিজ্য বৈষম্য করে, তাদের পক্ষে যেনো আপনাদের লেখা না যায়। বিদেশে আমাদের বন্ধু থাকবে, কিন্তু প্রভু থাকবে না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বর্তমান সরকারকে সাহায্য করতে আমরা প্রস্তুত। ড. ইউনুসকে চাপে রেখে যারা স্বার্থ হাসিল করতে চেষ্টা করছেন, তাদের সাবধান করে দেবো, আপনাদের বিরুদ্ধে আবারও জনগণ আন্দোলন গড়ে তুলবে। ড. ইউনুসের মাথা নষ্ট করে, স্বার্থ আদায়ে আরেকটি চক্রান্ত আপনারা করবেন না।

সবশেষ তিনি বলেন, জনগণ জামায়াতে ইসলামকে দায়িত্ব দিলে জামায়াত শাসক নয়, সেবক হবে।