লন্ডন থেকে সরাসরি ঢাকাতেই আসছেন খালেদা জিয়া

যুক্তরাজ্যের লন্ডন থেকে উন্নত চিকিৎসা নিয়ে সোমবার ঢাকায় ফিরছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। কথা ছিল বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি সাধারণ ফ্লাইটে তিনি সিলেট হয়ে ঢাকায় ফিরবেন। কিন্তু সবশেষ খবরে জানা গেছে তিনি লন্ডন থেকে সরাসরি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরেই নামবেন।

শনিবার (৩ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, কাতারের আমিরের পাঠানো বিশেষ রয়াল এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরবেন। তবে সময় এখনো চূড়ান্ত হয়নি। রাতের মধ্যেই সেটিও চূড়ান্ত হয়ে যাবে বলে জানা গেছে।

দলের চেয়ারপারসনকে সোমবার ঢাকায় অভ্যর্থনা জানাতে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। চার মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর দেশে ফেরার সিদ্ধান্ত নেন খালেদা জিয়া। বিমানবন্দরে মাকে বিদায় জানাবেন জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

kaleda1

এতোদিন তার বাসাতেই ছিলেন খালেদা জিয়া। তার সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ- তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। এ ছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হকও সফরসঙ্গী হিসেবে থাকবেন।

উল্লেখ, স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন ডা. জুবাইদা রহমান। এরপর একে একে ১৭টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি তিনি। স্বামী ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে লন্ডনে ছিলেন।

অবশেষে শাশুড়ি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন জুবাইদা রহমান।

kaleda2

ঢাকায় দলীয় চেয়ারপার্সনকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে শনিবার সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে ঢাকা মহানগরসহ অঙ্গসংগঠনগুলোর যৌথ সভা ডেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে তিনি বলেন, সারাদেশ খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নয় সারা দেশের মানুষ খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত রয়েছে। আর দলীয় নেতাকর্মীরা যেন কোনো যানজট সৃষ্টি না করে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এক হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব।

kaleda3

এসময়, বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত রাস্তা এড়িয়ে সাধারণ মানুষকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুরোধ করেন মির্জা ফখরুল।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হয়। সেখানে টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি তারেক রহমানের বাসায় ফেরেন। তার চিকিৎসা তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস।