আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে আরেকটি লড়াই হবে, সেই লড়াইয়েও তারুণ্যের শক্তিকে নিয়ে বিজয় অর্জন করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের সেবক হিসেবে কাজ করবে জামায়াত।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশের সমাপনীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সাত দফা দাবিতে এই সমাবেশকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করলো দলটি।
ডা. শফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও আমরা জয় লাভ করবো।
তিনি আরও বলেন, আজকের সমাবেশের আয়োজন করতে গিয়ে, এখানে আসতে গিয়ে আমাদের তিন ভাই ইন্তেকাল করেছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাদের জান্নাত দিন। পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন।
আবু সাঈদরা যদি না দাঁড়াতো, তাহলে ২৪ জীবনবাজি রাখা যুদ্ধটা না হলে, আজকে যারা বিভিন্ন দাবিদাওয়া করছেন, তাদের দাবিগুলো কোথায় থাকতো? এমন প্রশ্ন রেখে দলের আমির বলেন, সুতরাং আমাদের প্রিয় শহীদদের হেয় করা যাবে না। অহংকার করা যাবে না। কোনো রাজনৈতিক দলকে অপমান করা যাবে না। যদিও কেউ এগুলো করে, তাহলে তাদের মধ্যে ফ্যাসিবাদের রোগ বীজ বুনেছে।
এসময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। আশপাশে থাকা নেতাকর্মীরা দ্রুত এসে তাকে উঠিয়ে দিলে তিনি ফের বক্তব্য শুরু করেন। তবে কিছু সময় পর তিনি দ্বিতীয়বারের মতো অসুস্থ হয়ে পড়ে যান। পরে কিছুটা সুস্থ হয়ে মঞ্চে বসেই আবারও বক্তব্য দেন তিনি।
বলেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। মুক্তি অর্জন না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। যদি মানুষের সেবা করার সুযোগ পাই তাহলে মালিক হবো না, সেবক হবো।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকার গঠন করলে কোনো এমপি-মন্ত্রী সরকার থেকে প্লট গ্রহণ করবে না। কোনো এমপি-মন্ত্রী দুর্নীতি করবে না, শুল্কবিহীন গাড়িতে চড়বে না।
চাঁদা আমরা নেবো না, দুর্নীতি আমরা সহ্য করবো না উল্লেখ করে দলটির প্রধান বলেন, যুবকদের এটা স্পষ্ট করে বলতে চাই। বন্ধুগণ তোমাদের সঙ্গে আমরা আছি, আমি এখানে জামায়াতের আমির হয়ে কথা বলতে আসিনি, ১৮ কোটি মানুষের একজন হয়ে এসেছি।
জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, আমিরের প্রেশার, সুগার লেভেল ঠিক আছে। উনাকে পরে হাসপাতালে নেয়া হয়েছে।