জনগণ ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী কাঠামোর অবসান সম্ভব: জোনায়েদ সাকি

জনগণ ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ যেভাবে বিদায় নিয়েছে, ফ্যাসিবাদী কাঠামোরও সেভাবে অবসান করা সম্ভব বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (১ আগস্ট) জাতীয় শহিদ মিনারে জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রকৃত মর্যাদা দিতে পারেনি অন্তর্বর্তী সরকার।

গণ সংহতি আন্দোলনের নেতারা অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি।

বিচার, সংস্কার, নির্বাচনসহ বিভিন্ন দাবিতে গণসমাবেশ করে গণ সংহতি আন্দোলন। দলীয় প্রতীক মাথাল মাথায় দিয়ে, বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহিদ মিনারে উপস্থিত হন দলের নেতাকর্মীরা।

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ শাকিলের মা সমাবেশের উদ্বোধন করেন। বক্তব্যে গণ সংহতি আন্দোলনের নেতারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি হতে চললেও জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি।

সভাপতির বক্তব্যে গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী কাঠামোর অবসান সম্ভব।

এসময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ পরিবার ও আহতদের মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে সরকার।