জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।
পরবর্তী শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করা হয়।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
এসময় জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ১৭ থেকে ২৮ জুলাই পর্যন্ত ইন্টারনেট বন্ধ রেখে হত্যাযজ্ঞে সহায়তা করেন তারা। এছাড়া, জুলাই হত্যাযজ্ঞের মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধেও অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল।
এই মামলারও পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর নির্ধারণ করে ট্রাইব্যুনাল।
এছাড়া রামপুরায় ২৮ জন হত্যা মামলায় দুই সেনাকর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রথম দিনের শুনানি হয় আজ। পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।