ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে হাজির করা হয়। পল্টন থানার উপপরিদর্শক সামিম হাসান প্রথমে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আরেক আবেদনে চারটি কারণ উল্লেখ করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিসিটিভি ফুটেজের সূত্র ধরে র্যাব-২ জানতে পারে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-ল-৫৪-৬৩৭৫। পরে বিআরটিএ থেকে মালিকানা যাচাই করে মোটরসাইকেলটির মালিক হিসেবে মো. আব্দুল হান্নানকে শনাক্ত করা হয়। ডিএমপির তথ্য বলছে, ইতিমধ্যে বাইকটি জব্দ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, হাদির ওপর হামলার ঘটনায় দুই সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন, আলমগীর শেখ ও ফয়সাল মাসুদ। তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। ইমিগ্রেশন তথ্য অনুযায়ী ওই দুই জন দেশত্যাগ করেনি। ডিএমপির ধারনা, তারা দেশেই আছেন।
গত ১২ ডিসেম্বর দুপুর দুইটা ২৪ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন।