বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটা দল মহিলাদের হাতে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে আবার মা-বোনদের গায়ে হাত দেয়। এদের কাছে মা-বোনরা নিরাপদ হবে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনী প্রচারে মা-বোনদের হেনস্তা বা ইভটিজিং করা হলে তা বরদাশত করা হবে না।
পরিবর্তনকামী যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানেই মা-বোনদের হেনস্তা করা হবে, সাথে সাথেই তা প্রতিহত করতে হবে।
তিনি বলেন, আমরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই না, কিন্তু মায়েদের অপমান করলে বরদাশত করবো না।
জামায়াতের নারী কর্মীরা আচরণবিধি ভঙ্গ করলে তা নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না।
গণভোট প্রসঙ্গে আমিরে জামাত বলেন, ভেতরে ভেতরে অনেকেই গণভোটে নাখোশ। কারণ গণভোট হলে দলীয় চাঁদাবাজদের রমরমা ব্যবসা চলবে না। তবে ১৮ কোটি মানুষ গণভোটের পক্ষে থাকায় কেউ মুখ খুলতে পারছে না। ১২ তারিখের নির্বাচনে প্রথম ভোট হিসেবে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হ্যাঁ ভোট পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে। হ্যাঁ ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে।
নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, জনগণের হয়ে দায়িত্ব পালন করবেন, কোনো দলের হয়ে না।