সর্বোচ্চসংখ্যক আসন জিতে সরকার গঠনের প্রত্যাশা ১১ দলীয় জোটের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের প্রত্যাশা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এই জোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।   

ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বেশ কিছু জায়গায় অনিয়মের ঘটনা ঘটলেও বিগত তিনটি নির্বাচনের চেয়ে সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মানুষ এই নির্বাচনের জন্য আগ্রহ নিয়ে ছিলেন, তারা সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন। 

তিনি আরও বলেন, আমরা আশা করি দ্রুত সময়ে মধ্যে ফলাফল পাবো। বাংলাদেশের ইতিহাসে এটা একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

‎কিছু কিছু জায়গায় নির্বাচনী দায়িত্বে থাকা জামায়েতের কর্মীদের আঘাত করা হয়েছে এবং তাদের কাজে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান বলেন, সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, দেশের মানুষ সেটা প্রমাণ করেছে। সব চক্রান্ত জনগণ রুখে দিতে পারে তা ভোটের মাধ্যমে জনগণ প্রমাণ দিয়েছে।  

জামায়াতে ইসলামী ‎১১ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে (ইসি) ফলাফল পর্যবেক্ষণ যাবে বলেও জানান তিনি।