শপথ নিতে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিরা, নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল সাড়ে ১০টার পর সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান শুরু হয়। শপথ নিতে সকাল ৯টা থেকেই নবনির্বাচিত এমপিরা সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেন।

এবারের শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংসদীয় রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত এমপিরা সবার আগে শপথ নেন।

দীর্ঘ ১৫ বছর পর বড় জয়ের মধ্য দিয়ে সংসদ ভবনে ফিরছেন দলটির নেতারা। এর আগে ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন এবং ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও কারচুপির অভিযোগে বিএনপি সংসদ থেকে দূরে ছিলো।

oath

শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। সংসদ ভবনের গেটে প্রবেশের সময় নির্বাচিত সদস্যদের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।

নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শেষে দ্রুততম সময়ের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।