পল্লবীতে শিশু রামিশা হত্যার ঘটনা ‘আইয়ামে জাহেলিয়াতকে’ও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার মতে, নৈতিক শিক্ষার অভাবে এ ধরনের অপরাধ বাড়ছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রাজধানীর পল্লবীতে শিশু রামিশাকে নৃশংসভাবে হত্যা, বিভিন্ন স্থানে চাঁদাবাজি, সন্ত্রাসসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বুধবার (২০ মে) বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। এতে যোগ দেন দলটির ঢাকা মহানগরীর নেতাকর্মীরা।
শিশু রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিত না করলে, সরকারের বিরুদ্ধে সারাদেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা।
এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার।
রামিসার হত্যার ঘটনা আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছে মন্তব্য করে তিনি বলেন, সর্বস্তরে নৈতিক শিক্ষা নিশ্চিত না করলে এ ধরনের অপরাধ কমবে না।
এর আগে পল্লবীতে খুন হওয়া শিশু রামিসার পরিবারের সাথে সাক্ষাৎ করেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। সেখানেও ঘটনার বিচার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন তারা।