‌‘সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের নামের অপেক্ষায় সরকার’

সংবিধান সংশোধন কমিটিতে এখনও বিরোধী দলের পক্ষ থেকে কোনো নাম দেওয়া হয়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি উল্লেখ করেন, সরকার এই কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এখনও তাদের নামের অপেক্ষায় রয়েছে।

রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা জানান।

সংবিধান সংশোধন কমিটির কাজের অগ্রগতি ছাড়াও মানবাধিকার ও গুম কমিশন নিয়ে আইনমন্ত্রী জানান, মানবাধিকার কমিশন ও গুম কমিশন আইন বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ সরকারের কাছে এসেছে। বর্তমানে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

একই অনুষ্ঠানে সোমবার (১ জুন) থেকে শুরু হতে যাওয়া ঝিনাইদহের বহুল আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচারপ্রক্রিয়া নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাষ্ট্রপক্ষ থেকে আমরা আদালতে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে শতভাগ প্রস্তুত ও আশাবাদী।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এই চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন এবং জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

আলোচনা সভা শেষে জেলা পরিষদের পক্ষ থেকে সুবিধাভোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন আইনমন্ত্রী।