ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য চার হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় এক হাজার ৫৪২ কোটি টাকা কম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে গুলশান নগর ভবনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বাজেট কমে যাওয়ার ব্যাখ্যায় প্রশাসক বলেন, আয় ও ব্যয়ের বাস্তবতা বিবেচনায় রেখে বাস্তবমুখী ও ভারসাম্যপূর্ণ বাজেট প্রণয়ন করা হয়েছে।
বাজেটে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনকে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই হাজার ৫৩১ কোটি টাকা। গত অর্থবছরে এ লক্ষ্যমাত্রা ছিলো তিন হাজার ২১৩ কোটি টাকা।
ব্যয় খাতের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ রাখা হয়েছে ১৭৩ কোটি ৫০ লাখ টাকা। মশক নিয়ন্ত্রণে ২০৮ কোটি ৮৫ লাখ এবং খাল উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে রাখা হয়েছে ৪৫ কোটি টাকা।
এ সময় ময়লা অপসারণে ডিএনসিসির ভ্যান সার্ভিস চালু নেই উল্লেখ করে প্রশাসক জানান, এটি নিয়ে নতুন আইন অনুমোদনের অপেক্ষায় আছে।