শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জ

২০১৩ সালের পাঁচ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক ও বেনজীর আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (২৭ জুলাই) সকালে চিফ প্রসিকিউটরের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্টারের কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করা হয়।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামছুল হক টুকু, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক। এছাড়া তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে এতে আসামি করা হয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আজই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আনুষ্ঠানিক অভিযোগটি আমলে নেওয়ার বিষয়ে শুনানি হতে পারে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, তদন্ত দল ২০১৩ সালের পাঁচ মে শাপলা চত্বরে অভিযানে মোট ৬১ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

২০১৩ সালের পাঁচ মে ঢাকা অবরোধ কর্মসূচি শেষে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। সেদিন দিনভর সহিংসতার পর গভীর রাতে সেখানে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এ ঘটনায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের আবেদন করে হেফাজতে ইসলাম। সেই আবেদনের ভিত্তিতে তদন্ত শেষে আজ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করলো প্রসিকিউশন।