বিরোধী দল রাজনৈতিক অসহযোগিতা করলেও জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান সরকার দেশ গঠনে এগিয়ে যাবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, সরকার সংঘাত নয়, একটি সভ্য ও দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশ চায়। বিরোধীদের অসহযোগিতা সত্ত্বেও জনগণ সরকারের পাশে থাকবে।
রোববার (৯ আগস্ট) রাজধানীতে ‘ডক্টরস রেজিস্ট্যান্স ডে বাস্তবায়ন কমিটি’ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাইয়ে চিকিৎসকদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই বিপ্লবের প্রেক্ষাপট স্মরণ করে আহমেদ আজম খান বলেন, জুলাই কোনো একক ৩৬ দিনের আন্দোলন নয়; এর পেছনে রয়েছে বিগত ১৭ বছরের দীর্ঘ সংগ্রাম ও বহু নির্যাতন। আর এই অর্জনের মূল কৃতিত্ব এ দেশের ১৮ কোটি মানুষের। এই বিপ্লবের একক কোনো কৃতিত্ব দিতে হলে তা দিতে হবে বেগম খালেদা জিয়াকে।
জুলাই যোদ্ধাদের তালিকার বিষয়ে মন্ত্রী বলেন, অনেক জুলাই যোদ্ধা এখনও গেজেটভুক্ত হতে পারেননি। তাদের জন্য জুলাই অধিদপ্তর খোলা হয়েছে। আবেদন প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত যোদ্ধারা নতুন তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। একই সঙ্গে গত ১৭ বছরে গুম ও খুনের শিকার পরিবারগুলোও এ অধিদপ্তরে যোগাযোগ করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবে।
রাজনীতিতে চলমান বিভাজনের সমালোচনা করে তিনি বলেন, আমাদের নিজেদের মধ্যে নানা বিভাজন থাকার সুযোগে ফ্যাসিবাদের সহযোগীরা সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রয়ে গেছে। ঐক্যে ফাটল ধরলে অপশক্তিকে দমিয়ে রাখা সম্ভব নয়। ফ্যাসিবাদের সঙ্গে সুর মিলিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি না করার জন্য বিরোধী দলের প্রতি আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী জুলাইয়ের বিপ্লব ও অর্জনকে এককভাবে নিজেদের দাবি করতে চায়। অথচ প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করেই ঘোষণা করেছেন—এই ঐতিহাসিক অর্জন কোনো একক দল বা ব্যক্তির নয়, এটি এ দেশের সমগ্র জনগণের।
আলোচনা সভায় বক্তারা আন্দোলন চলাকালীন চিকিৎসকদের অসামান্য অবদান, সেবা ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।