জ্বালানি সঙ্কট আবার কেন তীব্র, জবাব খুঁজতে হবে সরকারকেই: মান্না

বিগত সরকারের সমালোচনা করে মাহমুদুর রহমান মান্না বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে নানা অনিয়ম ও অসঙ্গতি চালিয়ে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার শুরুতে এই দুঃসময় ও জ্বালানি সঙ্কট সামাল দিয়েছিলো। তবে বর্তমানে কেন এই সঙ্কট পুনরায় এতো তীব্র রূপ ধারণ করলো, সেই জবাব সরকারকেই খুঁজতে হবে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘জ্বালানি ও জীবনের নিরাপত্তা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

দেশে বর্তমানে যেভাবে বিদ্যুৎ সঙ্কট চলছে, তাতে রাষ্ট্র ভবিষ্যতে বড়ো ধরনের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কাও প্রকাশ মাহমুদুর রহমান মান্না। একই সঙ্গে চলমান বিদ্যুৎ সঙ্কট নিরসনে সরকারের কী পরিকল্পনা রয়েছে, তা জাতির সামনে স্পষ্ট করার আহবান জানান তিনি।

আলোচনা সভায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন ও মানবাধিকার ইস্যু নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, যেসব বাহিনীর বিরুদ্ধে অতীতে সরাসরি গুমের মতো গুরুতর অভিযোগ রয়েছে, তাদের দিয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সম্ভব নয় এবং এর ওপর ভরসা রাখা যায় না। গুম প্রতিকার ও মানবাধিকার আইন সংস্কার নিয়ে সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের বিষয়ে নিজের উদ্বেগের কথা জানান এই রাজনীতিক।