সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ পাচ্ছে না। অন্যদিকে সরকারের মন্ত্রী-এমপিদের ছেলে-মেয়েরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে প্রয়োজনে ২০২৪ সালের পাঁচ আগস্টের মতো আবারও ঢাকায় লংমার্চের ডাক আসতে পারে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করে বলেন, বিগত সরকার সুপরিকল্পিতভাবে কুমিল্লা অঞ্চলকে সব ধরণের উন্নয়ন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিলো।
পথসভায় উপস্থিত হয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কুমিল্লা ও নোয়াখালীকে আলাদা বিভাগ হিসেবে ঘোষণার জোর দাবি জানান।
এসময় সরকারের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে যেসব ওয়াদা দেওয়া হয়েছিলো, সরকার তার একটিও রাখতে পারেনি। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই— দাবি আদায় না করে ঘরে ফিরবো না। জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবো এবং জনগণের সব দাবি আদায় করেই ছাড়বো।
কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির আরও বলেন, কোনো ধরনের বাধা-বিপত্তি আমাদের দমাতে পারবে না। এই লংমার্চে বাধা দেওয়া হলে দ্বিগুণ শক্তি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।