১১ দলীয় জোটের হুমকি ও লংমার্চ ‘সিনেমার মতো’: গয়েশ্বর

ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় ১১ দলীয় জোটের লংমার্চ ও হুঁশিয়ারিকে ‘সিনেমার মতো’ আখ্যা দিয়ে তিনি প্রশ্ন তোলেন—এই সিনেমা কবে মুক্তি পাবে, তা কেউ জানে না।   

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ভারত আবারও শেখ হাসিনাকে ‘পয়জন’ হিসেবে ব্যবহার করে বাংলাদেশ ধ্বংসের চক্রান্ত করলে দেশের জনগণ একযোগে তা রুখে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এছাড়া বিএনপির অভ্যন্তরীণ বিষয়ে এবং সীমান্তের ওপারে সক্রিয় ষড়যন্ত্রকারীদের তৎপরতা নিয়ে বর্তমান সরকারকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান তিনি।

বক্তব্যে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকে সঠিক তথ্য ও সত্যতা যাচাইয়ের অনুরোধ জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় স্মরণ করিয়ে দেন, বাকস্বাধীনতা মানেই যা খুশি তা-ই বলা নয়।