অনিয়ম বরদাশত নয়, কারো ভুলের দায় বিএনপি নেবে না: সতকর্তা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে সরকার সর্বোচ্চ কড়া অবস্থানে থাকবে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়মের দায় বিএনপি সরকার নেবে না। কোনো অনিয়মের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরাসরি জড়িত থাকলে তাকেও শাস্তি পেতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি জানান, সম্প্রতি ভুলের কারণে দলীয় কমিটি পর্যন্ত বিলুপ্ত করা হয়েছে এবং কোনো সংসদ সদস্যের অপরাধের দায়ও সরকার নেয়নি। আর স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পাঁচ বছর পর আবার আমাদের জনগণের পরীক্ষার মুখে বসতে হবে। তাই আমাদের সবার মিলে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রত্যয় থাকতে হবে।

শনিবার (৩ অক্টোবর) সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, জনগণের সেবা করা আমাদের মূল দায়িত্ব। কারণ, পাঁচ বছর পর আবার আমাদের জনগণের পরীক্ষার মুখে বসতে হবে। তাই আমাদের সবার মিলে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রত্যয় থাকতে হবে। সরকারি কর্মজীবীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দেবে, তাই দেশের সীমিত সম্পদকেই সঠিক ও কার্যকরভাবে কাজে লাগাতে হবে।

বিদ্যুৎ খাতের তীব্র সঙ্কট ও অপচয়ের সমালোচনা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও ২৬ হাজার মেগাওয়াট উৎপাদনের সক্ষমতা রয়েছে। কিন্তু আওয়ামী লীগের বিগত সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে শুধু টাকা নষ্ট করেছে, কাজের কাজ কিছুই হয়নি। বিগত কয়েক বছরে এক মেগাওয়াট বিদ্যুৎও প্রকৃত অর্থে যোগ হয়নি।

বিদ্যুৎ ঘাটতি মেটাতে সরকারের নতুন পরিকল্পনার কথা জানিয়ে ড. আব্দুল মঈন খান বলেন, সরকার আগামী এক বছরের মধ্যে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নতুন করে যুক্ত করতে চায়। এ কারণেই প্রধানমন্ত্রী সৌর বিদ্যুতের দিকে বিশেষ নজর দিচ্ছেন। সব সরকারি অফিস এবং গ্রামের বাড়িগুলোকে সৌর বিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা চলছে, যা বাস্তবায়িত হলে বিদ্যুৎ ঘাটতি অনেকাংশে কমে আসবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গত তিন দিন ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে সৌর বিদ্যুৎ ব্যবহার করছেন। এতেই বোঝা যায়, শুধু মুখের কথায় সীমাবদ্ধ না থেকে তিনি নিজে আগে তা প্রয়োগ করে দেখাচ্ছেন।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর পর জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। কোন কর্মকর্তা কোন সরকারের আমলে নিয়োগ পেয়েছেন, তা নিয়ে সরকার ভাবছে না। বিগত সরকারের মতো কর্মকর্তাদের ব্যবহার করা হবে না বা দিনের ভোট রাতে দিতে সাহায্য চাওয়া হবে না। কর্মকর্তাদের শুধু তাদের অর্পিত কাজটুকু সততার সঙ্গে করতে হবে।

দুর্গাপূজা, আইনশৃঙ্খলা ও কৃষি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সরকারকে বিব্রত করতে নানা চক্রান্ত চলছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ঝামেলা যেন না হয়, সে জন্য সব এলাকায় বৈঠক করে সাধারণ মানুষের এই উৎসব সফল করার আহবান জানান তিনি। এছাড়া বাজারে কৃত্রিম সঙ্কট তৈরিতে সারের দোকানে জটলা বাঁধানোর চেষ্টা হতে পারে উল্লেখ করে সব জেলার দায়িত্বপ্রাপ্তদের সতর্ক থাকতে বলেন তিনি।

মাদকের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, দেশে যখনই গণতন্ত্র ও অর্থনীতি হুমকির মুখে পড়েছে, তখনই জিয়া পরিবার হাল ধরেছে।

তিনি আরও জানান, অবৈধ বিদ্যুৎ অপচয় রোধে গ্রামে চলা হাজার হাজার নিবন্ধনহীন ইজি বাইককে দ্রুত নিবন্ধনের আওতায় আনা হবে। এছাড়া সামাজিক সুরক্ষার অংশ হিসেবে আগামী চার বছরের মধ্যে দেশের সব পরিবার ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকেরা ‘কৃষক কার্ড’ পাবেন বলে নিশ্চিত করেন তিনি।