আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা বা আপসের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বিচারের আগে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার কোনো সুযোগ নেই। এমনকি দলটি যদি অপরাধের দায় স্বীকার করে ক্ষমাও চায়, তবুও সমঝোতা হওয়াটা অত্যন্ত কঠিন হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস হেনস্তার শিকার হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানান তথ্য উপদেষ্টা। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ড. ইউনূস অতি গুরুত্বপূর্ণ বা ভিভিআইপি মর্যাদা পাবেন উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রে তাকে হেনস্থা করেছে। এই প্রেক্ষাপটে কীভাবে তার সঙ্গে এমন আচরণ করা হলো, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এ নিয়ে সরকার কোনো চাপে আছে কি না জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার কোনো চাপ অনুভব করছে না। ডিসেম্বরে তিনি যদি এসেও পড়েন, তাতে সরকারের জন্য কোনো সমস্যা বা চাপের কারণ নেই। বরং তাকে ফিরিয়ে আনার জন্য সরকারের কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

দিল্লিতে অনুষ্ঠিত বিমসটেক বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিমসটেক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী না গেলেও স্বরাষ্ট্র সচিব অংশ নিয়েছেন এবং বাংলাদেশ পূর্ণাঙ্গভাবেই এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছে।

অন্যদিকে, রাতে পুলিশ সদস্যদের একা ঘোরাফেরা না করতে খুলনার পুলিশ সুপারের দেওয়া নির্দেশনার বিষয়ে তিনি বলেন, এটিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও তাদের নিরাপত্তার খাতিরে একটি বাড়তি সতর্কতা হিসেবে দেখা যেতে পারে। বর্তমানে পুলিশের বিরুদ্ধে ওঠা বিভিন্ন বিচারিক ও বিভাগীয় অভিযোগের কার্যক্রমও চলমান রয়েছে।

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জানান, এলপিজি সঙ্কট ও মূল্যবৃদ্ধি রুখতে জেলা প্রশাসকদের সঙ্গে সম্প্রতি সময়োপযোগী বৈঠক করেছে জ্বালানি বিভাগ। নিজ নিজ জেলায় এলপিজির সরবরাহ ও নির্ধারিত দাম কঠোরভাবে মনিটরিং করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোনো অনিয়ম বা কৃত্রিম সঙ্কট তৈরি করা হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত নতুন একটি আধুনিক রেলপথ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। ৮৩ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দের এই সুবিশাল মেগা প্রকল্পের পুরো রেলপথটিই নির্মিত হবে সম্পূর্ণ এলিভেটেড বা উড়াল পদ্ধতিতে।

এদিকে আট অক্টোবর থেকে মোট ২২ দিনের জন্য দেশব্যাপী ইলিশ মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা চলাকালীন নিবন্ধিত জেলে পরিবারগুলোকে যেন কষ্ট পেতে না হয়, সে জন্য সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যসহায়তা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।

দেশের তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এবং খেলাধুলার সুযোগ বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে মানসম্মত খেলার মাঠ প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া করা হয়েছে।