রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের কার্যালয়ে ঢুকে তাকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিকেলে এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আইইডিসিআরের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধানের কার্যালয়ে এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।
তিনি বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা প্রাতিষ্ঠানিক বা আইনি প্রক্রিয়ায় সমাধান করতে হবে; এভাবে আইন নিজের হাতে তুলে নেয়া বা দলীয় প্রভাব খাটানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং সরকারি প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক কাজী আহমেদ জাকিকে সম্প্রতি বিএনপি সরকারের মেয়াদে আইইডিসিআরের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। দেশে রোগ পরিস্থিতি পর্যবেক্ষণ, গবেষণা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সিডিসির মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি।