গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতে রাজধানী থেকে খুলনা অভিমুখী লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এই লংমার্চ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগে সেখানে এক বিশাল উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সমাবেশ শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পর বক্তব্যে হামিদুর রহমান আযাদ বলেন, আমাদের এই লংমার্চ জনগণের মৌলিক দাবি আদায়ের লংমার্চ। অবিলম্বে সংবিধান সংস্কার কমিটি গঠন করে সংস্কার কাজ সম্পন্ন করতে হবে, নতুবা গদি ছাড়তে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দামের কারণে আজ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।
উদ্বোধনী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।
ঢাকা থেকে শুরু হওয়া এই লংমার্চটি খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়া অভিমুখে যাত্রার মাধ্যমে বিভিন্ন পথসভায় মিলিত হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।