২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। শুনানি পিছিয়ে আগামী ১২ নভেম্বর নতুন দিন ধার্য করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি জানান, এদিন মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিলো। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার আসামি সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের ভার্চুয়াল হাজিরার একটি আবেদন জমা দেওয়া হয়। বিষয়টি যাচাই-বাছাই ও পর্যালোচনার স্বার্থে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে সকালে এ মামলায় গ্রেপ্তার থাকা ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাজির করা আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
মামলাটিতে মোট ৪১ জন আসামির মধ্যে বর্তমানে ১১ জন কারাগারে রয়েছেন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৩০ জন আসামি এখনও পলাতক। পলাতক আসামিদের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছেন।
প্রসিকিউশনের দেওয়া তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, শাপলা চত্বরের ওই ঘটনায় মোট ৬১ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় নিহত ৫৮ জনের পরিচয় ইতিমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে।