চলতি সপ্তাহেই আসছে এনসিপির আংশিক উপদেষ্টা পরিষদ

চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক উপদেষ্টা পরিষদ গঠন ও আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হতে পারে। বিভিন্ন পেশা ও স্তরের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত এই উপদেষ্টা পরিষদে বিভিন্ন ক্ষেত্রের গুণী মানুষদের অন্তর্ভুক্ত করা হচ্ছে।

দলটির একাধিক নির্ভরযোগ্য সূত্র একাত্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, প্রস্তাবিত উপদেষ্টা পরিষদে বিভিন্ন পেশাজীবী, সাবেক আমলা, সামরিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আইনজীবী ও গবেষকদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

নিশ্চিত হওয়া নামগুলোর মধ্যে রয়েছেন ডাকসুর সাবেক সহকারী সাধারণ সম্পাদক (এজিএস-১৯৮২) ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, এবং সাবেক সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফজলুর রহমান।

এছাড়া তালিকায় আরও রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নকশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাংলাদেশি বংশোদ্ভূত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও নিরাপত্তা বিশেষজ্ঞ প্রকৌশলী সাবিনা আহমেদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মুফতি মাওলানা শাইখ মুহাম্মাদ উছমান গনী, জ্যেষ্ঠ সাংবাদিক মাসকাওয়াথ আহসান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক।

সূত্র জানিয়েছেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নীতি-নির্ধারণী পরামর্শ পেতেই এই উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। শিগগিরই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আংশিক তালিকার আনুষ্ঠানিক ঘোষণা আসবে।