পতিত ফ্যাসিবাদকে আর সুযোগ নয়: আইনমন্ত্রী

দেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদকে আর রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে দেশে কোনো ধরনের সন্ত্রাস ও সহিংসতাকে জনগণ প্রশ্রয় দেবে না বলেও জানান তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

সভায় আইনমন্ত্রী বলেন, যারা সন্ত্রাস ও বোমাবাজি করে জনগণকে ভয় দেখিয়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামিকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন, তারা হয়তো দেশের মানুষকে চেনেন না। সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে মানুষকে ভীত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা বোমা মারছে ও সন্ত্রাস করছে, সরকার তাদের চিহ্নিত করছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের গত ৯ মাসের কার্যক্রমের কথা উল্লেখ করে মো. আসাদুজ্জামান বলেন, এই সময়ে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ক্ষমতার কোনো অপব্যবহার করেনি। জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। এ সময় তিনি সাংবাদিকদের অসত্য ও মাদকের বিরুদ্ধে কথা বলার আহবান জানান।

একই অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. রাশেদ খান। তিনি বলেন, একটি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে। এই অভ্যুত্থানের সুবিধা বিএনপি যেমন ভোগ করছে, তেমনি জামায়াতে ইসলামী ও এনসিপিও ভোগ করছে।

সংসদ ও চলমান রাজনীতি প্রসঙ্গে রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকারের মদদপুষ্ট এনসিপি সংসদে অসৌজন্যমূলক আচরণ করলেও বিএনপি সহনশীলতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করছে। আওয়ামী লীগ সন্ত্রাস ও অগ্নিসংযোগ করছে আর এনসিপি তাতে ঘি ঢালছে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত ও এনসিপির সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী আরও বলেন, তথ্য ও যুক্তি দিয়ে কথা বলার কারণে জামায়াতের আমিরের পা থেকে মাথা পর্যন্ত জ্বালাপোড়া করে। জামায়াত এবং এনসিপির কারণে সহনশীলতার রাজনীতি করা যাচ্ছে না। মিথ্যাকে সত্য বানানো মুনাফেকির রাজনীতি।

রাশেদ খান অভিযোগ করেন, জামায়াত ও এনসিপির কতিপয় রাজনীতিবিদ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেয়াদবি করেছেন। অন্তর্বর্তী সরকারের আশীর্বাদে এনসিপির সদস্যরা মন্ত্রী হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সংসদে বিএনপির সদস্যরা চাইলে এর বিরুদ্ধে কথা বলতে পারতেন, কিন্তু তারা ধৈর্য ধরেছেন। গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও দায়িত্বশীলভাবে কাজ করার আহবান জানান তিনি।