পেছনের দরজা দিয়ে প্রতিবেশী দেশের সহায়তায় আবারও দেশে ফেরার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে আবারও রক্তাক্ত রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা দেশের মানুষ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সব ষড়যন্ত্র মোকাবিলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রিজভী।
সোমবার (১৬ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি। এ সময় কর্মসূচিতে অংশ নিতে সমাধিস্থলে ভিড় করেন দলের নেতাকর্মীরা।
পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নবগঠিত কমিটির নেতারা। তারা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করা এবং মহানগরে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার প্রত্যয় জানান।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রতিবেশী দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করছে।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়ও বক্তব্য দেন রুহুল কবির রিজভী। সেখানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।