পুলিশের গাড়িতে বোমা, বাড়িতে আগুন দিয়ে ভিডিও ভারতে পাঠানো হচ্ছে: রিজভী

পুলিশের গাড়িতে বোমা মেরে এবং মানুষের বাড়িতে আগুন দিয়ে সেই ভিডিও ধারণ করে ভারতে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। তবে দেশের মানুষ এসব ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।’

বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মওলানা ভাসানীর আদর্শ ও সংগ্রামী জীবনের কথা তুলে ধরে রিজভী বলেন, ‘১৯৪৭ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি আজীবন জাতির স্বার্থে ও অধিকার আদায়ে লড়াই করে গেছেন।’

দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, ‘ভারতে বসে টোকাই দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আবারও লুটপাটের রাজত্ব কায়েমের যে স্বপ্ন আওয়ামী লীগ দেখছে, তা এ দেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না।’

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিস্টদের তাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আবারও যদি ফ্যাসিস্টদের পুনর্বাসিত করা হয়, তাহলে তারা ব্যাংক লুট কিংবা গুম-খুনের রাজত্ব কায়েম করবে। সেই সুযোগ দেওয়া হবে না। দেশের মানুষ এ ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেবে না।’

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলায় কোনো ধরনের বিশৃঙ্খলা বিএনপি বরদাস্ত করবে না।

আলোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দীন টুকু বলেন, ‘ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ভোটের রাজনীতি ধ্বংস করেছিল। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেখান থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে।’

তিনি অভিযোগ করেন, পুনরুদ্ধার হওয়া গণতন্ত্র নস্যাৎ করতে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আবারও রাজনীতিতে ফিরতে চাইছে তারা। তবে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তাদের আর কখনোই গ্রহণ করবে না।