রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবার ক্ষমতায় ফিরতে চায় পতিত ফ্যাসিস্ট: রিজভী

রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্টরা আবার ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার আগে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘অতীতে পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার ইতিহাসই শুধু রাখা হয়েছিল। এর মাধ্যমে সত্য ইতিহাস আড়াল করা হয়েছে। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘মানুষ সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান চায়। একসময় দেশে গুম, খুন ও ক্রসফায়ার ছিল নিয়মিত ঘটনা। তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে।’

একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, ‘দেশে নতুন করে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। ভারত থেকে অনেকে এতে ইন্ধন দিচ্ছেন।’