পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার মিল নেই: রিজভী

পরাজিত শক্তি অন্যের পদতলে থেকে ক্রীতদাসের মতো চিন্তা করে। তাদের চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, পলাতক আওয়ামী লীগ ভিন্ন একটি দেশের অনুগত থেকে রাষ্ট্র পরিচালনা করেছে। তাদের অস্থিতিশীল মানসিকতার সঙ্গে জনগণের কোনো সম্মতি নেই।

সশস্ত্র বাহিনী দিবসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে সেনাবাহিনীকে শৃঙ্খলায় ফিরিয়ে এনেছিলেন। যখন রক্ষীবাহিনী দিয়ে দেশের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করা হতো, তখন তিনি এ বাহিনীকে একটি পেশাদার বাহিনীতে পরিণত করেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী নয়াপল্টনে উপস্থিত হন। পরে নয়াপল্টন থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।