সুয়ারেজের গোলে অ্যাটলেটিকোর কাছে বার্সার হার

বেনফিকার বিপক্ষে হারের ক্ষত না শুকাতেই আবারো হারের মুখ দেখলো বার্সেলোনা। ক্লাব থেকে থেকে ছেঁটে ফেলা সুয়ারেজের গোলে অ্যাটলেটিকোর বিপক্ষে কাতালানরা হারলো ২-০ গোলে। এরপরই রোনাল্ড কোম্যানের ডাগআউটে থাকা না থাকা নিয়ে আবারো উঠেছে প্রশ্ন । বার্সা সভাপতি নাকি আরো সময় দিতে চান কোম্যানকে। আসলেই তাই, নাকি নতুন মুখের সন্ধানে বার্সেলোনা? 


ছবিটা গেলো রাতে সাবেক ক্লাব বার্সেলোনার বিপক্ষে জয়সূচক গোল করার পর লুইস সুয়ারেজের উদযাপন। যেনো রোনাল্ড কোম্যানকে কিছু একটা বলতে চাচ্ছেন সুয়ারেজ।

এই কোম্যানের জন্যই একদিন প্রিয় ক্লাবটা সুয়ারেজকে ফেলে দিয়েছিলো বাতিলের খাতায়। সেদিনের অপমানের জবাবটা তাই কড়ায় গণ্ডায় মিটিয়ে দিচ্ছেন এই উরুগুইয়ান ।

এদিকে, কোম্যানের একেবারে লেজেগোবরে অবস্থা। যেনো...অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়। তা না হলে দলের খেলা চলাকালীন ডাগআউটেও বসার সৌভাগ্য হচ্ছে বার্সা কোচ রোনাল্ড কোম্যানের। একের পর এক দলের সব সিনিয়রদের তাড়িয়ে রীতিমত রাতের ঘুম হারাম এই বার্সা লিজেন্ডের।

লা লিগায় দাপুটে ক্লাবটা এখন চরম সঙ্কটে। আছে পয়েন্ট টেবিলের নয় নম্বরে। চ্যাম্পিয়ন্স লিগে তো এখনো জয়ের মুখও দেখতে পারলোনা বার্সা। গ্রুপ ই এর সবার শেষে ওদের অবস্থানটা। কাদিজ, বেনফিকা যে যেভাবে পারছে ঘোল খাওয়াচ্ছে কাতালানদের। 

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজিমাৎ করবে বাংলাদেশ: স্টেইন

কোমান নিজেও টের পাচ্ছেন, এভাবে এই ঘরে বেশিদিন টেকা সম্ভব না। তল্পিতল্পা নিয়ে নিষ্ক্রান্ত হতে হবে যেকোন সময়। 

সবখানেই যখন কোম্যানকে নিয়ে সমালোচনা তখন ভিন্ন সুরে গাইলেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। বললেন এখনই কোম্যানকে সরানো হচ্ছেনা, তাকে নাকি আরো সময় দেয়া উচিত। 

তবে অন্দরের খবর হলো, মনের মতো বিকল্প খুঁজছে বার্সেলোনা। ইন্টারন্যাশনাল ব্রেক সপ্তাহ দুয়েক এরই মধ্যে যদি কোম্যান ঘুরে দাঁড়াতে না পারে তবেই ঘটবে বিপত্তি। যেকোন সময় বার্সেলোনা ডাগআউট চ্যাপ্টারের অবসান ঘটতে পারে এই খলনায়কের।


একাত্তর/এসজে