নিউজিল্যান্ড পৌঁছে কোয়ারেন্টাইনে মুমিনুলরা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল। শুক্রবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর পাঁচটার দিকে অকল‍্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে গেছে।

বিসিবির মিডিয়া ম‍্যানেজার রাবীদ ইমাম জানান, ক্রাইস্টচার্চে সাত দিন কোয়ারেন্টাইন থাকার পর কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে অনুশীলন শুরু করতে পারবেন মুমিনুল হক, মুশফিকুর রহিমরা।

করোনাকালে দ্বিতীয়বারের মতো নিউজিল‍্যান্ড সফরে গেলো বাংলাদেশ। গত ফেব্রুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে তারা। 

কিউইদের বিপক্ষে এর আগে তাদের দেশে তিন সংস্করণ মিলিয়ে ৩৩ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। এবার খেলতে গেছে  টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দুই সংস্করণে হোয়াইটওয়াশড হয়ে।

কোয়ারেন্টাইন শেষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

নিউজিল্যান্ডে বরাবরই বাংলাদেশের বড়ো প্রতিপক্ষ সেখানকার কন্ডিশন। প্রচণ্ড বাতাস ও তীব্র শীত। তবে এবার সাকিব, তামিমকে ছাড়া মাঠের লড়াইয়ে তারা কতখানি এগিয়ে থাকবে তা এখন দেখার বিষয়। 

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা শেষে গত বুধবার গভীর রাতে নিউজিল‍্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন মুমিনুল-মুশফিকরা। 

আরও পড়ুন: তাহসান-মিথিলা-শবনম ফারিয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম।


একাত্তর/এসি