স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রস্তাব নাকচ করে দিয়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের সাথেই সম্পর্ক দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।
শনিবার (২১ মে) রাতে তিনি তিন বছরের লোভনীয় এক চুক্তিতে সই করেন। ফরাসী লিগের শেষ ম্যাচ খেলতে মেটজের বিপক্ষে মাঠে নামার আগে পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি পার্ক দে প্রেন্সেসে এমবাপের সাথে নতুন চুক্তির সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
এই ঘোষণার পর এক বিবৃতিতে এমবাপ্পে বলেন, 'আমি বিশ্বাস করি এই ক্লাবের সাথে আমি বেড়ে উঠতে পারবো এবং ক্লাব আমাকে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে সাহায্য করবে।'
তবে এই চুক্তির খবর আসার পর ক্ষুব্ধ এক প্রতিক্রিয়া জানিয়েছে স্পেনের লিগ লা লিগা কর্তৃপক্ষ। এই চুক্তিকে 'কলঙ্কিত' আখ্যা দিয়ে এক বিবৃতিতে লা লিগা জানায়, ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা এবং ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবে তারা।
এই ধরনের চুক্তি ইউরোপিয়ান ফুটবলের ভারসাম্য নষ্ট করে বলে অভিযোগ তাদের।
উল্লেখ্য, ২০১৭ সালে এমবাপ্পে এক মৌসুম ধারে খেলার জন্য মোনাকো থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন। পিএসজির সাথে তার চুক্তি ছিল চলতি বছরের জুন মাস পর্যন্ত।
তবে তাকে ধরে রাখার জন্য বছরে দুই কোটি ১০ লাখ পাউন্ডের প্রস্তাব দেয় ক্লাবটি। এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার কানাঘুষা শোনা গেলেও, শেষ পর্যন্ত পিএসজির প্রস্তাবে রাজি হয়ে সেখানেই থেকে গেলেন তিনি।
একাত্তর/এসজে