নারী এশিয়া কাপে ভারতকে হারিয়ে পাকিস্তানের চমক

পুরুষদের টি-টোয়েন্টি এশিয়া কাপের পর নারীদের আসরেও চির প্রতিদ্বন্দ্বি ভারতকে হারিয়েছে পাকিস্তান। এটি ভারতীয় নারী দলের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টিতেও জয়। 

রোহিতরা হেরেছিলেন এশিয়া কাপের সুপার ফোর পর্বে। আর হরমনপ্রীতরা হারলেন গ্রুপ পর্বেই। শুক্রবার আন্ডারডগ পাকিস্তানের বিরুদ্ধে ১৩ রানের ব্যবধানে হেরেছে ভারত। 

ভারত-পাকিস্তান মুখোমুখি মানেই আলাদা উত্তেজনা। আলাদা রোমাঞ্চ। সেই সঙ্গে স্নায়ুর চাপ। শুক্রবার সিলেটে পাকিস্তানের দলের বিরুদ্ধে নামার আগে ধারেভারে এগিয়ে ছিল ভারত।

এই ম্যাচে ভারত মাঠে নামে পরপর তিন ম্যাচ জয়ের পর। অন্যদিকে পাকিস্তান আগের ম্যাচেই হেরেছে থাইল্যান্ডের মতো অখ্যাত দলের বিরুদ্ধে। 

কিন্তু স্নায়ুর চাপ সামলাতে না পারাটাই ভারতের জন্য কাল হয়ে দাঁড়ায়। সেই সঙ্গে অবশ্য পাকিস্তানের ফিল্ডিং এবং বোলিংয়েও দারুণ কারিশমা দেখিয়েছে। 

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি। পাওয়ার প্লে শেষে ৩৩ রানে ৩ উইকেট খুইয়ে ফেলে পাকিস্তানের নারীরা।


কিন্তু সেখান থেকে অধিনায়ক মারুফ এবং নিদা দার দুর্দান্ত ইনিংস খেলে পাকিস্তানকে ম্যাচে ফেরান। মারুফ করেন ৩২ রান। আর নিদা দার মাত্র ৩৭ বলে ৫৬ রান করেন। যার ফলে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান ৬ উইকেটে ১৩৭ রানের সম্মানজনক রানে পৌঁছায়।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে ছিল ভারত। নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে টিম ইন্ডিয়া। 

মেঘনা থেকে শুরু করে হেমালতা পর্যন্ত, সবাই শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউই। একটা সময় ১২ ওভারে মাত্র ৬৫ রানে ৫ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় ভারত। 

সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন বঙ্গকন্যা রিচা ঘোষ। কিন্তু রিচার ২৩ বলে ২৬ রানের ইনিংসেও শেষরক্ষা হয়নি। 

মাত্র ১২৪ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। টিম ইন্ডিয়াকে হারতে হয় ১৩ রানে। ফলে এশিয়া কাপে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ভারতকে ছুঁয়ে ফেললো পাকিস্তান।


একাত্তর/এসি